২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শিশুছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 05:57 PM

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নাসির উদ্দিন ওরফে চান মিয়া (৪৫) নামে এই শিক্ষককে তারা আটক করেন।

নাসির উপজেলার পুরাতন ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পূর্ব ভেলাবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে তিনি।

স্থানীয়দের অভিযোগ, নাসির প্রায়ই চতুর্থ শ্রেণির ছাত্রীদের শাসনের নামে যৌন হয়রানি করেন। বৃহস্পতিবারও তিনি চার-পাঁচজন ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ ঘটনায় রোববার রাতে একজন অভিভাবক থানায় লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হরেকৃষ্ণ রায় বলেন, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম।