২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2019, 02:17 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার কাতলামারি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুরে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমিরুল ইসলাম সকালে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর যাচ্ছিলেন।

“পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী ‘গড়াই পরিবহনের একটি বাস’ তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন তিনি।

“এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।”

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায়  ১২টার দিকে তিনি  মারা যান বলে জানান তিনি।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে ‘গড়াই পরিবহনের’ চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক সালাউদ্দিন।