কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর মৃত্যু
কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুন্নাহার জানান, শামীম বিশ্বাস (২৬) নামে এই রোগী শনিবার রাত দেড়টার দিকে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শামীম জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে।
তত্ত্বাবধায়ক নুরুন্নাহার বলেন, “ডেঙ্গু আক্রান্ত শামীমকে শনিবার বেলা সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান।”
এর আগে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরবিন্দু পাল বলেন, শামীমকে শনিবার সকাল ৯টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু অবস্থায় উন্নতি না হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
