২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

আশুলিয়ায় একটি পানিবাহী ভ্যানের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষে এক গার্মেন্টস কর্মকর্তা মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 12:48 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

রোবাবার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙে এই সড়ক দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটির দুই চালকসহ তিনজন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

নিহত তাজিমুল ইসলাম (৩৫) আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোজিং লিমিটেড এর সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও পানিবাহী পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোথিং লিমিটেডের কর্মকর্তা তাজিমুল ইসলাম প্রাইভেটকার যোগে আশুলিয়া উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আশুলিয়ার মরাগাঙ এলাকায় তাকে বহনকারী গাড়িটি বিপরীত দিক ঢাকা থেকে আসা একটি পানি ভর্তি পিকআপভ্যানের সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই মারা যান গার্মেন্টস কর্মকর্তা তাজিমুল বলে জানান তিনি।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করি এবং নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।