পূজা দেখে ফেরার পথে নেত্রকোণায় কিশোর খুন
নেত্রকোণার কেন্দুয়ায় পূজা দেখে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে।
এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের আটক করলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চায়নি পুলিশ।
নিহত কিশোর উপজেলার ডাউকি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (১৬)। সে ওয়েলডিং মিস্ত্রীর কাজ করত।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, শনিবার রাতে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, পাশের গ্রাম নোয়াদিয়ায় বন্ধুদের সাথে পূজা দেখেতে যায় সোহেল।সেখানে একজনের সাথে তার কথার কাটাকাটি হয়।
“পরে বাড়ি ফেরার পথে মাচিয়াল গ্রামের নুরুল ইসলামের বাড়ির কাছে পৌঁছলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
পূজা দেখতে গিয়ে কথা কাটাকাটির জেরে এই খুনের ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
