২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ‘নিখোঁজ’ স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

বরগুনায় কমলকান্তি হাওলাদার (৩১) নামে এক ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হয়েছেন জানিয়ে তার খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2019, 11:28 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামের কমলকান্তি গত ২১ সেপ্টেম্বর বরগুনা থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন বলে তার স্ত্রী অনিতা রানী অভিযোগ করেন।

অনিতা শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, কমলকান্তি ‘মা ব্রিকস’ নামে স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক ছিলেন। গত ২১ সেপ্টেম্বর ভাটার মালিক মোস্তফা ফকির তাকে ভাটার মালপত্র কিনতে ঢাকা পাঠান।

“পরদিন ২২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত আমি তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পেরেছি। তারপর তার ফোন বন্ধ পাওয়া গেছে। এর ছয় দিন পর কমলকান্তির নম্বর থেকে তার ছোট ভাই বিভূতিভূষণের নম্বরে একটি ফোন আসে। তখন অপরিচিত এক লোক কমলকান্তির মুক্তির জন্য ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তবে কমলকান্তির সঙ্গে কথা বলতে চাইলে সে সময় ওই লোক জানান, কমলাকান্তি বেহুঁশ রয়েছেন। এরপর ফোনটি কেটে দেওয়া হয়। সেই থেকে কমলাকান্তি নিখোঁজ।”

এ ঘটনা বামনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, “কমলকান্তি মা ব্রিকসের মালিক মো. মোস্তফা ফকিরের খুব বিশ্বস্ত ছিলেন। মালিকের শ্যালক বশির (৩৫), ভায়রাভাই রফিক (৩৬) এবং মনির ও রব সর্দার নামে ভাটার কয়েকজন কর্মচারীর সঙ্গে কমলকান্তির সম্পর্ক ভাল ছিল না। মালিক মোস্তফা যেহেতু কমলকান্তিকে বেশি বিশ্বাস করতেন, সেহেতু তারা কমলকান্তিকে আড়চোখে দেখত।

“কমলাকান্তি ‘রাফিন সাফিন’ নামে একটি বাসে করে ঢাকায় যান। ওই বাসের হেলপার জাহাঙ্গীর ও কমলকান্তি ফেরিঘাটে একসঙ্গে ভাত খেয়েছেন বলে জেনেছি। জাহাঙ্গীর ও ভাটার কর্মচারীরা কমলাকান্তিকে অপহরণের সঙ্গে জড়িত রয়েছে বলে আমার সন্দেহ রয়েছে।”

এ বিষয়ে তিনি পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, “মাওয়া ফেরিঘাটে যাওয়া পর্যন্ত যেহেতু তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে, সেহেতু ঘটনা যা-ই ঘটুক না কেন, তা সেখানেই ঘটেছে। তাই বামনা থানা কর্তৃপক্ষের তেমন কিছু করণীয় নেই। তার পরও আমরা বামনা থেকে সেখানে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিচ্ছি।”

এ বিষয়ে মা ব্রিকসের মালিক মোস্তফা বলেন, তিনিও অনেক খোঁজাখুজি করছেন। কোথাও তার সন্ধান মিলছে না।

তার শ্যালক ও ভায়রা ভাইয়ের বিষয়ে অনিতার সন্দেহের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, “যার স্বামী নিখোঁজ হয়েছে, তিনি অনেক কিছুই সন্দেহ করতে পারেন। তবে তা সত্য নয়।”

আত্মীয়-স্বজনসহ ১১ মাস বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে অনিতা এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি পরিবারের অসহায়ের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।