টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক তানবীর আহম্মেদ।
দণ্ডিত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে। রায়ে রনি ঘোষের এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মনটি ঘোষের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের বিয়ে হয় ২০১৩ সালের ৩০ জুন।
বিয়ের আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী রনি ঘোষসহ পরিবারের অন্য সদস্যরা মনটি ঘোষকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মন্টির মা চিনি ঘোষ বাদী হয়ে পাঁচজনকে আাসমি করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শ্বশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
ট্রাইব্যুনালের পিপি এ কে এম নাছিমুল আক্তার নাছিম বলেন, মামলা চলাকালে দণ্ডিত স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে তিনি আত্মগোপনে চলে যান।
মনটি ঘোষের শ্বশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আরফান আলী মোল্লা।
