খুলনায় ‘শীর্ষ সন্ত্রাসী ট্যারা মোস্তফা’ গ্রেপ্তার
সাতটি হত্যা মামলার আসামি পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ গোলাম মোস্তফা ওরফে `ট্যারা মোস্তফাকে’ খুলনায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
খুলনা সদর, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা, রূপসা থানায় সাতটি হত্যা মামলার এই আসামির বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন এবং বিশেষ ক্ষমতা আইনে ২১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন লবণচরা থানার ওসি বায়েজীদ আকন।
মোস্তফার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা বান্দাবাজার এলাকা থেকে ‘ট্যারা মোস্তফাকে’ গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার লবণচরা মোক্তার হোসেন রোডের স্বপ্না বেগম নামের একজন ট্যারা মোস্তফা বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
‘পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে’ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
