উদ্বোধনের আগেই পানি পড়ে কুড়িগ্রাম স্টেশনের ছাদ চুইয়ে
সদ্য নির্মিত কুড়িগ্রাম রেলস্টেশন ভবনের দেয়ালে ফাটল এবং ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়তে দেখা গেছে উদ্বোধনের আগেই।
আগামী ১৬ অক্টোবর একটি আন্তঃনগর ট্রেনের যাত্রার মধ্য দিয়ে এই রেলস্টেশন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
স্থানীয়দের অভিযোগ, ‘অনিয়ম-দুর্নীতির’ কারণেই নতুন স্টেশন ভবনের এই দশা। তবে এ কাজের ঠিকাদার রাজশাহী মহানগরের যুবলীগ সভাপতি রমজান আলীর দাবি, নকশায় ‘ত্রুটি’ ছিল।
রোববার সরেজমিনে দেখা যায়, ভবনটির যেসব অংশের ছাদ চুইয়ে পানি পড়ছে, তা চুনকাম করতে ব্যস্ত মিস্ত্রিরা।
কার্যসহকারী আব্দুল ওয়াদুদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজন পা দিয়ে ছাদের জলছাদ নামে পরিচিত প্যাটার্ন স্টোন ভেঙে শুধু বালু বের করে আনেন।
এ সময় উপস্থিতদের সামনে ‘কাজের মান ভালো হয়নি’ বলে স্বীকার করেন ওয়াদুদ। তবে এ কাজের তদারকির দায়িত্বে ছিলেন না তিনি দাবি তার।
তাকে ‘একটি রুম ব্যবহার করতে দেওয়া হয়েছে মাত্র’ বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান আলী বলেন, “ঢাকা-কুড়িগ্রাম একটি আন্তঃনগর ট্রেন ১৬ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে।
“এ কাজ শেষ হলে এ ‘অনিয়মের বিষয়টি’ আমরা খতিয়ে দেখব।”
গত ১৯ সেপ্টেম্বর মিয়া জাহান আলী সরেজমিনে ভবনটি পরির্দশনে গিয়ে কাজের দুরাবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে স্থানীয়রা জানান।
ভবনের ‘কাজ অত্যন্ত নিম্নমানের’ অভিযোগ করে স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান খোকা জানান, এ কাজের ঠিকাদার রমজান আলী রাজশাহী যুবলীগের নেতা।
সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের অভিযোগ-‘রেল বিভাগের কর্মকর্তাদের সহায়তায় নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার।
“প্রতিবাদ করলেও থানা থেকে পুলিশ আনা হতো। আর চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী ভাড়া করে ভয় দেখানো হতো।”
স্থানীয় শ্রমিক রায়হান আলী জানান, ‘সিমেন্ট কম দেওয়ার প্রতিবাদ করায়’ তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়।
“খোয়া আর সিমেন্টের অনুপাত ৪:১ হওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৮:১।”
এই প্রকল্পে পুরো কাজ নিয়ে স্থানীয়রা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ তুললেও রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান চৌধুরী দাবী-নিয়ম মেনে এই ভবনের নির্মাণ কাজ করা হয়েছে।
“স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঢালাই হয়েছে। কোন অনিয়ম হয়নি।”
এরপরও যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
এই ভবন নির্মাণের ঠিকারদার রমজান আলী রাজশাহী মহানগর যুবলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘৯৯ লাখ টাকা ব্যয়ের’ কুড়িগ্রাম রেলস্টেশন ভবন নির্মাণ সম্পন্ন করেন বলে জানান তিনি।
তবে ভবনের ‘নকশায় ত্রুটি থাকার দাবি করেন এই যুবলীগ নেতা।
রমজান বলেন, ভবনের নকশায় ক্রুটি ছিল। সেখানে জানালার কোন কার্নিশ ছিল না।
“জানালা দিয়ে পানি প্রবেশ করবে বলে ভবন নির্মাণের সময় রেলওয়ের প্রকৌশলীদের জানানো হয়েছিল।
“কিন্তু নকশায় না থাকায় সেটা করা হয়নি। এ কারণে হয়ত দেয়াল চুয়িয়ে জানালা দিয়ে ভবনের ভিতরে পানি প্রবেশ করছে।”
তবে সরজমিনে প্রতিবেদক দেয়াল চুইয়ে পানি ঢুকতে এবং দেয়ালে ফাটল দেখতে পেয়েছেন।
[প্রতিবেদনটি তৈরিতে সহযাগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন।]
