সিরাজগঞ্জে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে হত্যার দায়ে এক ব্যক্তিরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত আব্দুল আলীম (বর্তমান বয়স ৩৮) সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।
তাকে একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
ওই আদালতের পেশকার লিয়াকত আলী মামলার বরাত দিয়ে বলেন, নিয়ামতপুর গ্রামে একটি সেচপাম্প পরিচালনাকে কেন্দ্র করে আব্দুল কাদেরের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল আলীমের বিরোধ চলছিল।
“২০১১ সালের ১ মার্চ ভোরে সেচপাম্পের ড্রেনের আগাছা পরিষ্কার করছিলেন ফরিদুল। এমন সময় আব্দুল আলীম ও তার সহযোগী হযরত আলী দেশীয় অস্ত্র নিয়ে ফরিদুলের উপর হামলা করেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল।”
লিয়াকত জানান, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে আব্দুল আলীম ও হযরত আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
রায়ে আব্দুল আলীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় হযরত আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
