কুড়িগ্রাম টার্মিনালে মিনিবাসে সহকারী কিশোরের লাশ
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে এক মিনিবাস থেকে বাসের সহকারী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে বাসের ভেতরে মুখ গামছা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পাওয়া যায় বলে পুলিশ জানায়।
নিহত শিপন (১৪) জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাস শ্রমিক মোজাম্মেল হকের ছেলে। নিহতের বড় ভাই রিপনও গাড়িতে সহকারীর কাজ করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, শাহজালাল পরিবহন নামে একটি মিনিবাসে সহকারী ছিল শিপন।
“সে রাতে গাড়িতে থাকত।
“শনিবার সকালে শ্রমিকরা দেখতে পায় ওই মিনিবাসের জানালা খোলা। পরে শিপনের লাশ দেখতে পায়।”
নিহতের বড় ভাই রিপন মিয়া ‘নাসির পরিবহন’ নামের অন্য একটি মিনিবাসে সহকারীর কাজ করে। তিনি এসে ভাইয়ের লাশ সনাক্ত করে।
নিহতের বড় ভাই রিপন জানান, দেড় মাস আগে ওই বাসে কাজ শুরু করে শিপন। গত রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইসহ এক সাথে রেস্তোরায় খাবার খেয়ে যে যার বাসে ঘুমাতে যায়।
সকালে ভাইয়ের লাশ পাওয়া গেছে বলে খবর পান বলে জানান তিনি।
শাহজালাল পরিবহনের ড্রাইভার হযরত আলী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাস রেখে শিপনকে খাওয়ার টাকা দিয়ে বাড়ি চলে যান তিনি।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক নুর আমিন মিলন ও সড়ক সম্পাদক আব্দুল লতিফ ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানার ওসি রাজু সরকার বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কীভাবে ঘটনাটি ঘটেছে।
