নারায়ণগঞ্জে সাত কারখানাকে ৩ কোটি টাকা জরিমানা
নারায়ণগঞ্জে পরিবেশ আইন অমান্য করার অপরাধে সাত কারখানাকে তিন কোটি সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যামাণ আদালত।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, ইটিপি প্লান্ট না থাকা, অপরিশোধিত বর্জ্য খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলার অপরাধে ছয়টি ডাইং কারাখানা ও একটি রি-রোলিং মিলকে বৃহস্পতিবার এই জরিমানা করা হয়।
পরিবেশ সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে র্যাব ও পুলিশের সহায়তায় এই ভ্রম্যামাণ আদালত চালানো হয় বলে জানান সাঈদ আনোয়ার।
তিনি বলেন, ডাইং ও ওয়াশিং বর্জ্য খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলে পরিবেশ দূষণ ও প্রতিবেশের ক্ষতি করায় কুতুবপুরের লামাপাড়া এলাকায় অবস্থিত রূপসী নিটওয়্যার লিমিটেড, মেসার্স ফজর আলী ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, জিএম ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড, বরকত ডাইং অ্যান্ড প্রিন্টিং, মেসার্স আল ফাত্তাহ টেক্সটাইল ও আল ফাত্তাহ ডাইং এবং আল হামিদ রি-রোলিং মিলকেকে এই জরিমানা করা হয়।
এনফোর্সমেন্ট উইং উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, র্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পবিরেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
