শিমুলিয়ায় পদ্মায় নিখোঁজের ৩ ঘণ্টা পর হকারের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে পদ্মা নদীতে পড়ে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর এক হকারের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এই হকারের লাশ উদ্ধার করেন তারা।
দেলোয়ার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডলের মাহমুদপট্টি গ্রামের মোবারক হোসেনের ছেলে। শিমুলিয়া লঞ্চঘাটে পানি ও পাপড় ফেরি করে বেচতেন তিনি।
এসআই জহিরুল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, দেলোয়ার সকাল ৯টার দিকে একটি লঞ্চ থেকে অপর লঞ্চে যাওয়ার সময় পদ্মায় পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশের ডুবরি দল তাকে খুঁজতে নামে। বেলা সাড়ে ১২টার দিকে ঘাট থেকেই তার ডুবন্ত লাশ উদ্ধার করা হয়।
অভিযোগ না থাকায় থানা পুলিশের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।
