২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার, হত্যা সন্দেহে আটক ২

ঢাকার ধামরাই উপজেলায় একজনের লাশ উদ্ধারের পর শ্বাসরোধে হত্যা সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2019, 03:40 PM

Updated : 08 Apr 2022, 04:44 PM

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার জয়পুরা এলাকা থেকে বুধবার সকালে হান্নান মিয়া (৪০) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।

হান্নান উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ পরিবারের বরাতে জানায়, মঙ্গলবার ফোন পেয়ে বাড়ি থেকে বের হন হান্নান। পরে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা পরিত্যক্ত একটি ভবনে লাশ দেখে পুলিশে খবর দেয়।

ওসি দীপক বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

তবে পুলিশ আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি দীপক।

লাশ ময়নাতদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।