২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় নিখোঁজ সুকানির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় ডাকাতের হামলায় নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেডের সুকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 11:02 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ওসি আব্দুল হাকিম জানান, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে রাশেদ পাটোয়ারী (৪০) নামে এই নৌযান চালকের লাশ উদ্ধার করেন তারা।

পুলিশ জানায়, এমভি আল-আবরা নামে বালুবাহী একটি বাল্কহেড মুন্সীগঞ্জ থেকে বালু নিয়ে বুধবার রাত ১টার দিকে সুমিলপাড়ার সাধুরঘাট এলাকায় যায়। এ সময় ডাকাত এসে টাকা-পয়সা, লাইট ও মূল্যবান জিনিসপত্র লুট করে। বাল্কহেডের সুকানি রাশেদ পাটোয়ারীকে ডাকাতরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি। শুক্রবার সকালে লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক।