গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুর মা থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (২২) শরীফপুর এলাকার আদর্শ শিশুকানন কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক। জেলা শহরের শরীফপুর খানবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে তিনি।
শিশুটি ওই স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওসি ইসমাইল মামলার নথির বরাতে বলেন, গত শনিবার সকালে শিশুটি স্কুলে গেলে আনোয়ার তাকে শিক্ষক মিলনায়তনে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন। শিশুটি স্কুলের এক শিক্ষিকাকে জানালে তিনি অন্য কাউকে না বলতে বারণ করে তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাসায় ফিরেও প্রথমে শিশুটি ঘটনাটি চেপে যায়।
“তারপর রক্তক্ষরণ হলে অভিভাবকরা তার ডেঙ্গু হয়েছে ভেবে চিকিৎসা দেন। রক্ত বন্ধ না হলে শিশুটি প্রকৃত ঘটনা তার মাকে খুলে বলে।”
শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
