জাবিতে দুর্নীতিবিরোধী অবরোধ দ্বিতীয় দিনে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সবগুলো ফটক আটকে দিয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে অবস্থান নেন তারা।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নুরুল আলম (শিক্ষা) ও আমির হোসেন (প্রশাসন)। কিন্তু দাবির বিষয়ে তারা ইতিবাচক আশ্বাস না দেওয়ায় আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে দেন।
পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, প্রক্টর ফিরোজ উল হাসান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা কথা বলতে এলেও দাবির বিষয়ে ইতিবাচক কিছু জানাতে না পারায় তারাও ফিরে যান।
“এখনো আমরা চাই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক।"
তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া কেবল চা-বিস্কুট খাওয়ার জন্য তারা আলোচনায় বসতে রাজি নন।
আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্পষ্ট দাবির বিষয়ে প্রশাসনের বক্তব্যও সুস্পষ্ট হওয়ার কথা। কিন্তু তারা আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসেনি।
“সুতরাং কালক্ষেপণের জন্য কিংবা চা-বিস্কুট-খোশগল্পের জন্য আমরা তথাকথিত আলোচনায় যেতে রাজি নই। দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট অবজারভেশন পেলে আলোচনায় বসব আমরা।”
গত ৯ অগাস্ট উপাচার্য তার বাসভবনে বৈঠক করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় ও শাখার নেতাদেরকে দুই কোটি টাকা ভাগ করে দিয়েছেন বলে একাধিক পত্রিকায় সংবাদ বের হয়।
নির্মিতব্য হলগুলোর জন্য নির্বাচিত স্থানগুলোতে একহাজার একশোর বেশি গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি গাছ ইতিমধ্যে কাটা হয়েছে।
এর পরপরই ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। গত কয়েক দিনে দুর্নীতির তদন্ত ও গাছ না কেটে বিকল্প স্থানে হল নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি শেষে অবরোধ কর্মসূচী পালন করেছেন তারা।
