প্রজাপতি ধরতে গিয়ে প্রাণ গেল সুরভীর
গাজীপুরের শ্রীপুরে প্রজাপতি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রেরও মৃত্যু হয়েছে।
সোমবার শ্রীপুরের ঘটনা ঘটে দেওয়ানের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এবং টঙ্গীর ঘটনা ঘটে মদিনা পাড়া এলাকায়।
শ্রীপুরে নিহত হয়েছে সুরভী আক্তার (৭) এবং টঙ্গীতে নিহত হন কলেজছাত্র আল-রায়হান (২৪)।
সুরভীর স্বজনরা জানান, সুরভীর বাবা রিকশাচালক এবং মা স্থানীয় একটি কারখানার শ্রমিক। প্রতিদিনের মতো মা ও বাবা কাজে চলে যাওয়ায় পর সকাল সাড়ে ১০টার দিকে সুরভী বিদ্যালয়ে না গিয়ে তার সমবয়সী কয়েক জন বন্ধুর সঙ্গে খেলতে বের হয়।
খেলার এক পর্যায়ে সুরভী পাশের বাড়ির ঝুলে থাকা বিদ্যুতের তারে বসে থাকা প্রজাপতি ধরতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
পরে সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত সুরভী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমোছলদী (জয়ারচর) গ্রামের কামরুল ইসলামের মেয়ে। সে বাবা-মার সঙ্গে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকত। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির শিক্ষার্থী।
অপরদিকে নিহত আল রায়হান রাজধানীর উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ইঞ্জিনিয়ারিং ম্যানিজমেন্ট কলেজের ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।
রায়হান মদিনা পাড়ার নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নিহতের বাবা হেলাল উদ্দিন জানান, রোববার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় বাড়িতে বৃষ্টির পানি জমে।
সোমবার সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে ওই পানি সেচ করতে গিয়ে বিদ্যুতের তারে রায়হান স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
