২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এলজিইডি গাড়িচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

যশোর সদর উপজেলায় রাস্তার পাশ থেকে এলজিইডির এক গাড়িচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 03:29 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

যশোর সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুন্সি আনিসুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা গিয়ে তার লাশ উদ্ধার করেন।

নিহত হাসানুজ্জামান (৪৮) কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের জহুরুল আলমের ছেলে। তিনি এলজিইডির ঝিনাইদহ দপ্তরের গাড়িচালক ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “গলা কাটা ও হাত-পায়ে দড়ি বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে রক্তের দাগ দেখতে পাইনি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে গলা কেটে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।”

নিহতের ভাই হাকিমুজ্জামান কাবলু বলেন, “হাসানুজ্জামান ঝিনাইদহ এলজিইডির গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। অফিসে ফোন করে জেনেছি, মঙ্গলবার সে অফিসের কাজ করেছে। কিভাবে কী ঘটে ঘটে গেল কিছু বুঝে উঠতে পারছি না।”

লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।