মৌলভীবাজারে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫
কথাকাটাকাটির জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুদলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন পুলিশসহ অন্তত আটজন।
কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে এলাকাবাসী ও চা শ্রমিকদের মধ্যে রোববার রাতে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনির হোসেন (২৭) শহরতলীর মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল শহরে একটি মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
এ ঘটনায় আহত তিনজনসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে।
আহতদের একজন
শ্রীমঙ্গলের কমলগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, রোববার রাতে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে এলাকাবাসী ও চা শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মনির নামে কাপড়ের দোকানের এক কর্মচারী নিহত হন এবং আহত হন আরও অন্তত পাঁচজন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশরাফুজ্জামান বলেন, এই ঘটনার পর মনিরের গ্রাম মুসলিমবাগ এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে শ্রীমঙ্গল-কালীঘাট সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
“এ সময় তাদের শান্ত করতে গিয়ে পুলিশ কনস্টবল সমর বিকাশ চাকমা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য অজয় সিংহ ও আমজাদ হোসেন বাচ্চু আহত হয়েছেন।”
গ্রেপ্তারদের মধ্যে তিনজন
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, এ ঘটনায় ফুলছড়া চা বাগান থেকে সোমবার ভোরে পল্লব নায়েক ও উত্তম তন্তবায় নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
“অন্যদিকে হাসপাতালে ভর্তি সুমন, সঞ্জীব ও চন্দনকে হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সম্পৃক্ততা প্রমাণিত হলে গ্রেপ্তার করা হবে।”
এ ব্যাপারে শ্রীমঙ্গল খানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
