ঝালকাঠিতে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা
ঝালকাঠিতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধরর্ষণের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, রোববার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
আসামি এসএম কামাল হোসেন সদর উপজেলার তেরআনা গ্রামের তেরআনা শাহমাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ। তার বাড়ি ওই এলাকায়।
মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কামাল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে ওসি জানান।
মামলার বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই ছাত্রী মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি কামালের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। রোববার দুপুরে কামাল মেয়েটিকে ধর্ষণ করেন।
“এ ঘটনা জানাজানি হলে মেয়েটিকে কামালের মেঝ ভাই জামাল উদ্দিনের বাড়িতে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।”
কামালকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
