২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া ঘাটে প্রাইভেট কারের জট

ঈদ-উল আযহা সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাট এলাকায় প্রাইভেট কারের চাপ বেড়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 01:39 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাটুরিয়া প্রান্তে দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি আটকে ছিল। এসব গাড়ির পাটুরিয়ার ৫ নম্বর ঘাট ছেড়ে টেপড়া-নালী সড়কের কে আলী ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি বেড়েছে।

“দুপুরের পর থেকে যাত্রীবাহী বাসের চাপ বাড়বে। তবে পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করা যাবে।”

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে প্রবল স্রোত রয়েছে। এই স্রোতের বিপরীতে চলতে গিয়ে ফেরিগুলোকে ঘাট এলাকা ছেড়ে প্রায় এক কিলোমিটার উজান হয়ে অপর প্রান্তে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক অবস্থার চেয়ে সময় প্রায় দ্বিগুণ লাগছে। এতে ফেরির পারাপারের সংখ্যা কমেছে। কমেছে যানবাহন পারাপারের হারও।

তারা জানান, ঈদের আগে এই নৌপথে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করার কথা রয়েছে। এর মধ্যে মাঝারি ফেরি মাধবীলতা যান্ত্রিক ত্রুটির কারণে স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। ফলে ১৮টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আরও একটি ফেরি আজ রাতের মধ্যে যুক্ত হওয়ার কথা রয়েছে।