২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এটিএম বুথে নিরাপত্তাকর্মী খুন

গাজীপুর শহরে এবি ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 02:57 PM

Updated : 08 Apr 2022, 04:33 PM

ব্যাংকটির বোর্ড বাজার শাখার বুথে বুধবার ভোর পৌনে ৫টায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরপুবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলেনিয়াম কর্টিজ সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তিনি এবি ব্যাংকের বোর্ড বাজার শাখায় এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি ইসমাইল বলেন, “বুথের ভেতরে ঢুকে অজ্ঞাতপরিচয় একজন জাহাঙ্গীর আলমকে বড় চাকু দিয়ে নাক, মুখ, গলা, পেট কেটে ও কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খুনির পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।

“তবে খুনি বুথ থেকে কোনো টাকা-পয়সা বা অন্য কোনো কিছু নেয়নি।”

সকালে এক গ্রাহক বুথে টাকা তুলতে গিয়ে রক্তাক্ত লাশ ভেতরে পড়ে থাকতে দেখে জানিয়ে ওসি ইসমাইল বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে খুনি শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।