লক্ষ্মীপুরে মুক্তিপণ দাবিতে শিশু অপহরণের অভিযোগ
লক্ষ্মীপুরে মুক্তিপণ দাবিতে দেড় বছরের এক শিশুকে মধ্যরাতে মায়ের কোল থেকে অপহরণের অভিযোগ উঠেছে।
সদর উপজেলার লাহারকান্দি গ্রামের রাজমেস্ত্রী মো. মামুন হোসেন অভিযোগ করেন, সোমবার ভোরের দিকে তার ছেলে মিনহাজকে টিনশেড ঘরের দরজা খুলে অপহরণ করা হয়।
“অপহরণকারী আমার স্ত্রীর মোবাইল ফোনটিও নিয়ে যায়। পরে অপহরণকারী মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এইচ এম কামরুজ্জামান ও সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া ও স্থানীয় লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু।
পুলিশ সুপার বলেন, “দরজা খুলে ভেতরে প্রবেশের বিষয়টি দেখে মনে হচ্ছে তাদের জানাশোনা লোকজনই এ ঘটনায় জড়িত রয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টাসহ ঘটনার তদন্ত চলছে।”
সম্প্রতি শিশুটির বাবার সঙ্গে সম্পত্তির বিরোধে এক স্বজনের বাকবিতণ্ডা হওয়া ছাড়া আর কারও সঙ্গে তাদের বিরোধ নেই বলে জানিয়েছেন তার মা হোহিনূর।
