গোপালগঞ্জে প্রতিবেশীর উঠানে পুকুর কাটার চেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি পরিবারের ‘বাড়িঘর দখলের জন্য’ উঠানে পুকুর কাটার চেষ্টা চলছে।
উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা মধ্যপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, দ্বিজেন গাইন নামে এক ব্যক্তির বাড়ির উঠানে এই পুকুর কাটা শুরু করেন তার প্রতিবেশী মলিনা বিশ্বাস।
পরে পুলিশ থামিয়ে দিলেও পুকুর কাটার চেষ্টা অব্যাহত রয়েছে বলে দ্বিজেনের অভিযোগ।
তিনি সাংবাদিকদের বলেন, মাসখানেক আগে হঠাৎ করেই লোকজন নিয়ে এসে নিজের জায়গা দাবি করে মাটি কাটা শুরু করেন প্রতিবেশী মলিনা বিশ্বাস।
“আমরা বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি-ধমকি দেয়। মারতে উদ্যত হয়।”
তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের থামিয়ে দেয়। তবু গত ২৯ জুলাই ও ২ অগাস্ট দুই দফায় তারা আবারও পুকুর কাটা শুরু করে বলে দ্বিজেনের অভিযোগ।
তিনি বলেন, “আমার পূর্বপুরুষ প্রায় ২০০ বছর ধরে এখানে ঘর বাস করছে। পিতামহ রামতনু গাইন, তার দাদু কুটিশ্বর গাইন, তার বাবা কেশব লাল গাইন এখানে বাস করেছেন। বর্তমানে আমি দুই সন্তান, পুত্রবধূ ও শারীরিক প্রতিবন্ধী নাতি নিয়ে বাস করছি।
“হঠাৎ করেই প্রতিবেশী মলিনা বিশ্বাস উচ্ছৃঙ্খল লোকজন নিয়ে আমার বসতবাড়ি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে মলিনা বিশ্বাসের দাবি, “এ জমি আমার। ওসি সাহেব দুই পক্ষকে থানায় ডেকেছিলেন। কিন্তু ওই পক্ষের কেউ হাজির হয়নি। পরে ওসি সাহেব আমাকে আমার জায়গায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমার ওই জায়গায় এখন আমি পুকুর কাটব।”
মলিনার স্বামী-সন্তানরা ভারতের কেরালায় থাকেন জানিয়ে তিনি বলেন, এখানে আছেন শুধু তিনি ও তার বড় জামাতা।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল হক বলেন, কারও জমিতে কাজ করার বা বাড়ির উঠানে পুকুর কাটার নির্দেশ দেননি তিনি।
“মলিনা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছেন। তবে সেখানে যাতে কোনো ধরনের আইন-শঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেটা আমি নিয়ন্ত্রণে রেখেছি। তাদের বলেছি, কাগজপত্র যার জমি তার। এজন্য আইন আছে, আদালত আছে। আদালতই এর সুরাহা করতে পারবে। কিন্তু তা না করে কেউ যদি আইন নিজ হাতে তুলে নিতে চায় তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছে, এ ঘটনার পেছনে এলাকার একটি ভূমিদস্যু চক্র রয়েছে, যারা নিজেদের আড়ালে রেখে ওই দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোল বাধিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ চক্রটি ভবিষ্যতে দুই পক্ষের জমি নিয়ে নেবে।
