২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে বৃদ্ধ নিহত

ফেনীর দাগনভূঁইয়ায় মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 02:50 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

নিহত হাবিবুর রহমান পাটোয়ারীর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামে।

তার ছেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ওয়ারেন্ট অফিসার খাইরুল হাসান জানান, রোববার রাত ১টার দিকে দাগভূঁইয়ার তৃণভূঁইয়াপোল এলাকায় তার পরিবার এই দুর্ঘটনায় পড়ে।

“কোরবানি ঈদ উপলক্ষে বাবা-মা, ভাইসহ পরিবারের ছয় সদস্য একটি মাইক্রোবাসে করে ভোলা যাচ্ছিলেন। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন অশীতিপর বাবা।”

এছাড়া চালক ও পরিবারের অন্য পাঁচ সদস্য আহত হন জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে প্রথমে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সবাইকে কুমিল্লা সিএমএইচে নেওয়া হয়। 

দাগনভূঁইয়া থানার ওসি আসলাম শিকদার জানান, পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।