২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে ভাইপোকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইপোকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাদের বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 01:35 AM

Updated : 18 Aug 2022, 05:35 PM

উপজেলার সোনাবাড়িয়ায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আলফাজ হোসেন গাজী (৩০) ট্রলি চালাতেন।

হত্যার অভিযোগ উঠছে তার চাচা সলেমান গাজী, সলেমানের চাচাত ভাই ইসমাইল, গণি এবং ভাস্তে নাজমুলের বিরুদ্ধে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে চাচারা কুপিয়ে জখম করে আলফাজকে। সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, আলফাজকে আনার পর তার হৃদস্পন্দন দেখতে দেখতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের বড় ভাই আলতাফ হোসেন গাজী বলেন, ছয় বছর ধরে তার চাচাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তা ‘ভয়ংকর রূপ’ নেয়।

সলেমান গাজীসহ অন্যরা সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে আলফাজকে উপর্যুপরি কোপায় বলে জানান আলতাফ।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানিয়েছেন, আসামিদের ধরতে অভিযান শুরু করেছেন তারা।