বান্দরবানে প্রথম ডেঙ্গু রোগী
বান্দরবান সদর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে; যিনি ঢাকায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা জানান, মঙ্গলবার সকালে রেমিউচিং মারমা নামে এই রোগীকে তারা ভর্তি করেন।
রেমিউচিং ঢাকার নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র জানিয়ে তিনি বলেন, তার বাড়ি রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে। এছাড়া বিজয়ন তঞ্চঙ্গ্যা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা শেষে বান্দরবানের বাড়িতে ফিরে এসেছেন। বান্দরবানে আর কোনো ডেঙ্গু রোগীর খবর পাওয়া যায়নি।
এই রোগ প্রতিরোধে হাসপাতালে সব রোগীদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।
রেমিউচিং মারমার বাবা উথোয়াই মারমা বলেন, তার ছেলে ঢাকায় অসুস্থ হলে পরীক্ষা করানো হয়। এতে ছেলের ডেঙ্গু ধরা পড়ে। খরচের কথা ভেবে তাকে বান্দরবানে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়ন তঞ্চঙ্গ্যার মা বান্দরবান পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা বলেন, ছেলে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। দ্রুত চিকিৎসা শেষে তাকে বান্দরবানে নিয়ে আসা হয়। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছে।
চিকিৎসকদের পরামর্শে ছেলের যত্ন নিচ্ছেন বলে তিনি জানান।
এদিকে জনসচেতনতা গড়ে তুলতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রায় জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও মেয়র ইসলাম বেবি ছিলেন। পরে বিভিন্ন নালা-নর্দমায় মশা মারা স্প্রে করে পৌর কর্তপক্ষ।
