২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৭ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের নাফ নদীতে অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা উদ্ধারসহ একটি নৌকা জব্দ করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2019, 11:18 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বলেন, শুক্রবার ভোরে জালিয়ারদিয়া এলাকায় নাফ নদীতে তারা এই অভিযান চালান।

তবে কোস্টগার্ড এ সময় কোনো পাচারকারীকে ধরতে পারেনি।

কমান্ডার সোহেল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল জালিয়ারদিয়া এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে একটি নৌকায় তিন-চারজন লোককে আসতে দেখে সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা থামার নির্দেশ দেন।

“পাচারকারীরা না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড ধাওয়া দিলে তারা নৌকা ফেলে নদীতে লাফ দিয়ে মিয়ানমারের জলসীমা অতিক্রম করে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে মেলে একটি বস্তা। বস্তায় মেলে সাত লাখ ইয়াবা।”

পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “দুই মাস নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় নৌকাও বন্ধ ছিল। আবার মাছ ধরা শুরু হলে পাচারকারীরা ইয়াবার চালান আনার চেষ্টা  চালায়।”

ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কমান্ডার সোহেল।