২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় বগুড়ায় পশুখাদ্যের সংকট

বন্যায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার তিন উপজেলার মানুষ। পশুখাদ্যের সংকটের কারণে একদিকে যেমন গরু-ছাগলকে নিয়মিত খাবার দেওয়া যাচ্ছে না, অপরদিকে শুকনো জায়গার অভাবে নিরাপদ স্থানে রাখারও জায়গা হচ্ছে না।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 10:23 PM

Updated : 10 Oct 2022, 09:15 PM

এই পরিস্থিতিতে যারা কোরবানির ঈদের জন্য গরু-ছাগল লালনপালন করেছেন তাদের পড়েছেন চরম বিপাকে।

কোরবানের বাকি আর দুই সপ্তাহ। নিয়মিত খাবার দিতে না পারায় এরই মধ্যে গরু-ছাগলগুলোর ওজন কমতে শুরু করেছে। এভাবে চললে সেগুলোকে হাটে তুলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা কম।

বুধবার বন্যায় প্লাবিত এলাকাগুলো ঘুরে দেখা গেছে, গবাদি পশু বিশেষ করে কোরবাণীর পশুগুলোর খাবার সংগ্রহের জন্য কৃষক এবং খামার মালিকদের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে গেছে। কোরবাণীর পশুগুলো নিয়ে কৃষক এবং খামার মালিকরা অন্ধকার দেখতে শুরু করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, জুলাই মাসের প্রথম দিকে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। ১৩ জুলাই দুপুর নাগাদ যমুনা নদী বিপদ সীমা অতিক্রম করে। এরপর টানা কয়েকদিন পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ৬দিন পানি বৃদ্ধির পর ১৯ জুলাই সন্ধ্যা থেকে যমুনার পানি কমতে শুরু করে।

“তবে ২৪ জুলাই দুপুর থেকে যমুনার পানি আবার বাড়তে শুরু করেছে। বাড়ছে পাশের বাঙালি নদীর পানিও। যমুনা নদীর পানি বুধবার দুপুর ১২টায় বিপৎসীমার ১৪ সেন্টিমিটার এবং বাঙালির পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।”

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে তীরবর্তী তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানান তিনি।

প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাড়ি-ঘর ও খামারে নদীর স্রোতে এই তিন উপজেলায় ১ লাখ ১২ হাজার গরু, ৫৬ হাজার ছাগল, ২৫ হাজার ভেড়া এবং ১ হাজার মহিষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি ৮৫ হাজার গরু, ৪৭ হাজার ছাগল এবং ২১ হাজার ভেড়া পানিবন্দি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বন্যার কারণে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের ৩২০টি খামারের ক্ষতি হয়েছে। প্রায় ৪ হাজার চারণ ভূমি প্লাবিত হয়েছে। এতে গবাদি পশুর অন্যতম প্রধান খাদ্য ঘাসের যোগান বন্ধ হয়ে গেছে। আর খড় ও ভুষিসহ অন্যান্য পশুখাদ্য নষ্টের পরিমাণ ৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে গেছে।

সারিয়াকান্দি উপজেলা সদরের দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের মোশারফ হোসেন জানান, কোরবানির হাটে বিক্রি করবেন বলে তিনি একটি ষাঁড় লালন-পালন করছিলেন। কিন্তু বাজারে ঘাস না মেলায় গরুকে নিয়মিত খাওয়াতে পারছেন না।

একই গ্রামের আশরাফ আলী জানান, বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় গরুকে নিয়ে তিনি রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন। ঘাস আর খড়ের অভাব দেখা দেওয়ায় তিনিও গরুকে প্রয়োজন অনুযায়ী খাওয়াতে পারছেন না।

আশরাফ আলী বলেন, “ভুষি কিনা যে খাওয়ামো তারও দাম খালি বাড়িচ্চেই। ঠিকমত খাবার দিবার পারিচ্চিনা তাই গরুর স্বাস্থ্য খারাপ হচ্ছে। ইঙ্কা হলে কোরবানির হাটত তো দাম পামো না।”

ওই গ্রামের গরু ব্যাপারী ফেকু ফকির বলেন, কোরবানীর হাটে বিক্রির জন্য তিনি ১ লাখ ৪৫ হাজার টাকায় ছোট ৩টি গরু কিনেছিলেন। খাদ্যের অভাব হওয়ায় দুদিন আগে সেগুলো ৬ হাজার টাকা লোকসানে অর্থাৎ ১ লাখ ৩৯ হাজার বিক্রি করে দিয়েছেন।

সারিয়াকান্দির যমুনার চরবেষ্টিত গ্রাম চরপাড়া ও মুলবাড়িতে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় স্থানীয় একটি খামারের ৫০টি মহিষ নিয়ে বেরিয়ে পড়েছেন গোবিন্দ নামে এক রাখাল। বুধবার তিনি প্রায় ১৫ কিলোমিটার দূরে গাবতলী উপজেলার অদ্দিরগোলা মাঠে অবস্থান করছিলেন।

গোবিন্দ জানান, তাদের চরাঞ্চলে থৈ থৈ পানি। কোথাও এক ইঞ্চি শুকনো নেই। ক্ষুধার্ত মহিষগুলোকে খাওয়ানোর মতো এক মুঠো ঘাসও নেই। তাই বাধ্য হয়ে আরও দুই সহযোগীকে নিয়ে তিনি মহিষগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছেন।

তিনি বলেন, “যেসব মাঠে ফসল আছে সেখানে জমির মালিকরা মহিষ নিয়ে ভিড়তে দিচ্ছেন না। ফলে সবখানে মহিষগুলো খাবারও পাচ্ছে না।”

বুধবার বেলা ১১টার দিকে গরু নিয়ে হাটে এসেছেন সারিয়াকান্দি উপজেলার সুতানাড়া গ্রামের উজ্জ্বল মিয়া। কিন্তু প্রত্যাশা অনুযায়ী কেউ দাম না বলায় বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিক্রি করতে পারেননি।

পাশের ধুনট উপজেলার গোসাইবাড়ির সেই একই হাটে তিনটি ছাগল নিয়ে এসেছেন কামালপুর ইউনিয়নের রৌহদহ গ্রামের রফিকুল ইসলাম। তিনিও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না।

ছাগল বিক্রি করতে আসা রফিকুল ইসলাম বলেন, “কোরবানীর হাটত বেচমু জন্যি তিনডা ছাগল পালছিলাম; কিন্তু এখন বাড়ি-ঘরে পানি ওঠার পর নিজেই খাবার পাই না ছাগলেক কি খাওয়ামু। তাই বেচপ্যার আচ্চি।”

স্থানীয় গরুর ব্যাপারী আব্দুল মোত্তালেব জানান, বন্যার কারণে যমুনা ও বাঙালি নদী তীরবর্তী বিশেষ করে চরাঞ্চরে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় কেউ তাদের বাড়ি-ঘরে গরু-ছাগল রাখতে পারছেন না, যে কারণে তারা কমদামে গরু-ছাগল বেচতে বাধ্য হচ্ছেন।

সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত-উন-নবী বলেন, নিয়মিত খাবার দিতে না পারলে গবাদি পশুগুলোর ওজন কমবে। কোরবানির পশুগুলোর ওজন কমলে কৃষক ও খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সংকট মোকাবেলার জন্য খামার মালিকদের বিকল্প নানা পরামর্শ দেওয়া হচ্ছে। গো খাদ্যের জন্য ১ লাখ টাকা চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই তা বন্টন করা হবে।