২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নদীতে ডুবে ২ শ্রমিকের মৃত্যু, শিক্ষার্থী নিখোঁজ 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নৌকা ডুবে দুই বালু শ্রমিক নিহত হয়েছেন। একই নদীতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2019, 05:01 PM

Updated : 18 Aug 2022, 05:29 PM

রোববার সকালে এবং দুপুরে ধলাই নদীতে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা শ্রমিক নইম উদ্দিন ও জমির আলী।

নিখোঁজ হাসানুর রহমান আবীর লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

ওসি তাজুল জানান, সকালে ধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়। 

অপর দুর্ঘটনা ঘটে ধলাই নদীর সাদাপাথর পর্যটন এলাকায়।

ওসি বলেন, বেলা ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথর পর্যটন এলাকায় বেড়াতে আসেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান আবীর। 

“এ সময় সাঁতার কাটতে নদীতে নামলে স্রোতের টানে তিনি তলিয়ে যান।”

আবিরের সন্ধানে ডুবুরিরা কাজ করছেন বলে জানান ওসি। 

আবীরের বাড়ি সিলেট নগরীর মজুমদারি এলাকায়।