২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বতীপুরের মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র এজেডএম মেনহাজুল হকের বিরুদ্ধে দলবল নিয়ে এক নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 11:06 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান জানান, মামলার পর বুধবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা হয় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র মেনহাজুল আমাকে চাকরির প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ছবি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি আমাকে অনেক দিন ধর্ষণ করেছেন।

“অবশেষে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে মেয়র গত ২৯ জুন রাতে কৌশলে আমাকে ডেকে নিয়ে যান শহরের কেয়ার অফিস সংলগ্ন স্বাস্থ্যসেবা ক্লিনিকের পাশে। নির্জন স্থানে মেয়রসহ আরও তিনজন আমাকে ধর্ষণ করেন এবং বেধড়ক মারধর করেন।”

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যান বলে ওই নারীর দাবি।

তিনি বলেন, “ওই রাতেই স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেও মেয়রের লোকজনের হুমকিতে হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাই। কিন্তু শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার আবার হাসপাতালে ভর্তি হই।”

হাসপাতালে চিকিৎসক মাহমুদ খাতুন বলেন, “ওই নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।”

এ বিষয়ৈ ওসি মোখলেসুর বলেন, “নারী ও শিশুনির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।”

আসামি পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এদিকে মেয়রের বক্তব্য জানতে তার কার্যালয় ও বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ সচল থাকলেও তিনি সাড়া দেননি।