শরীয়তপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
শরীয়তপুর সদরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী।
মঙ্গলবার শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড়ে এ হামলা হয়।
আহত আক্তার ঢালী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলার রুদ্রকর গ্রামের আয়নাল ঢালীর ছেলে।
আক্তার ঢালীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জহিরুল ইসলাম প্রান্ত (১৮) নামের একজনকে আটক করেছে।
আক্তার ঢালীর ভগ্নিপতি জামাল মোল্যা জানান, আক্তার ঢালী ও তার বড়োভাই রুদ্রকর ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার ঢালী শরীয়তপুর আদালত থেকে একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন।
“পথে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে কয়েকজন লোক মোটরসাইকেলে সেখানে এসে চাইনিজ কুড়াল দিয়ে আক্তার ও দেলোয়ার ঢালীর উপর হামলা চালায়।”
মারাত্মক আহত অবস্থায় আক্তারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
জামাল জানান, এ ঘটনায় দেলোয়ার ঢালী বাদী হয়ে আট জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, আদালতে মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলযোগে ৮-১০ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।
“আমরা প্রাথমিকভাবে ধারনা করছি পূর্ব শক্রতার কারণে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটানয় মামলা হয়েছে।”
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
