২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী তরুণীকে ‘হত্যার পর ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

নরসিংদীতে এক প্রতিবন্ধী তরুণীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার যুবক হত্যার ও ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2019, 09:44 PM

Updated : 10 Oct 2022, 09:11 PM

বুধবার নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক কাজী শামসের আহম্মেদ এ তথ্য জানান।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৮) নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর (খালপাড়) গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।

সাইফুলের বরাত দিয়ে এই র‌্যাব কর্মকর্তা জানান, গত ৬ জুন বিকালে শিবপুরের মাছিমপুর গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে (২১) সাইফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজি অটোরিকশায় করে স্থানীয় কাজীরচর পূর্বপাড়া গ্রামে একটি কলাবাগানের ভিতর নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

“এতে সাবিনা বাধা দিলে সাইফুল তার জামা দিয়ে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে এবং এরপর লাশ বিবস্ত্র করে ধর্ষণ করে।”

পরে লাশটি কলাবাগানে ফেলে রেখে মেয়েটির ব্যবহৃত মোবাইল ফোন ও ভ্যনিটি ব্যাগ নিযে সাইফুল বাড়ি চলে যায় এবং এরপর থেকে সাইফুল আত্মগোপন করে থাকে, বলেন র‌্যাব অধিনায়ক শামসের।

শামসের জানান, গত ৮ জুন স্থানীয় লোকজন ওই কলা বাগানে লাশ দেখে শিবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে শিবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে গোপন খবর পেয়ে র‌্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১১ এর সদস্যরা শিবপুর থানার কলেজ গেইট এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ঘটনার সত্যতা স্বীকার করেছে। সাইফুলের দেখানো মতে তার বাড়ির গোসলখানা থেকে মেয়েটির মোবাইল ফোন এবং বাড়ির পাশের একটি নর্দমা থেকে ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।