ফরিদপুরে ফেন্সিডিলসহ ‘মাদক বিক্রেতা’ আটক
ফরিদপুরে পাঁচশ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র্যাব।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার কানাইপুর এলাকা থেকে আবুল বাশার মোল্লাকে তারা আটক করেন।
বাশার (৪৫) কানাইপুর এলাকার ছদন মোল্লার ছেলে।
নাজমুল বলেন, গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাশারকে আটক করেন।
“পরে বাশারের দেওয়া তথ্যে তার মালিকানাধীন ভাটি কানাইপুরের মাতৃভূমি কিন্টারগার্ডেন স্কুলের একটি টিনের ঘর থেকে ৫৫৯ বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
বাশার ফেন্সিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলো বলে র্যাব এ কর্মকর্তা জানান।
