২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্তগোলা সেতু থেকে ‘ঝাঁপ’, বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা সেতু থেকে ‘ঝাঁপ দেওয়ার’ একদিন পর বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2019, 10:24 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মহির উদ্দিন জানান, পোস্তগোলার ক্যান্টনমেন্ট এলাকায় বুড়িগঙ্গা নদীতে সোমবার লাশটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

মৃত মো. সাগর (৩৫) রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দাল্যান্ড এলাকার লাবিব উদ্দিনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এসআই মহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগর তার স্ত্রী ও এক মেয়ে নিয়ে মা-বাবার সঙ্গে থাকতেন। আগে তিনি একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মীর চাকরি করতেন। কয়েকমাস ধরে মাদকসেবী হয়ে পড়ায় বেকার জীবনযাপন করছিলেন। এই নিয়ে পরিবারেরর সঙ্গে তার ঝগড়া-বিবাদ চলছিল।

“এর জের ধরে রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে রাগে হতাশায় সাগর পোস্তগোলা সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন বলে স্বজনরা জানিয়েছেন।”

এসআই মহির উদ্দিন জানান, সোমবার সকালে ঘটনাস্থল থেকে একটু দূরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বজনরা কোনো অভিযোগ না করে লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার অনুরোধ জানালে আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মহির।

এ ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।