২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

বগুড়ার শেরপুরে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2019, 01:42 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

সোমবার শেরপুর উপজেলার দশমাইল এলাকার পল্লী উন্নয়ন একাডেমির সামনে এবং উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন-বগুড়ার শাজাহানপুর থানার চরভেলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে শ্রমিক ফরিদ উদ্দিন (৩৫) ও লালমনিরহাট সদরের কাজীর চওড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগম (৩০)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির  বলেন, দশমাইল এলাকার পল্লী উন্নয়ন একাডেমির সামনের সড়কে ভোর ৬টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

“এ সময় বাসের পেছনের সিটে থাকা দুলালী বেগম ঘটনাস্থলেই মারা যান।” দুর্ঘটনার পরপর ট্রাক নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়; তবে বাসটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।

এছাড়া উপজেলার ছোনকা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর জানান ওসি।  

তিনি বলেন, “বেলা ১১টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী একটি বাসের সঙ্গে বিপরীত মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক ফরিদ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।