২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাত হত্যা: অভিযোগ গঠনের শুনানি ২০ জুন

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির বিচার হবে কিনা সেই শুনানি হবে আগামী ২০ জুন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2019, 01:35 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মামুনুর রশিদ শনিবার অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এম সাজাহান সাজু বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে আদালত তা গ্রহণ করেছে। একই সঙ্গে আদালত আগামী ২০ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেয়।

“শুনানি শেষে আদালত ঠিক করবে ওই ১৬ জনের বিচার হবে কিনা। এ মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য পঁচজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে পিবিআই। আদালত তা অনুমোদন করেছে।”

এছাড়া বেলা পৌনে ১২টার দিকে একই আদালতে এই মামলার আসামি প্রভাষক আফসার উদ্দিন ও কাউন্সিলর মাসুদুর রহমানসহ সাতজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। আদালত সে আবেদন মঞ্জুর করেনি।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত গত ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা শ্লীলতহানির মামলা তুলে না নেওয়ায় তাকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনীর পিবিআই পরিদর্শক মো. শাহ আলম আদালতে মোট ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রের ১৬ জন হলেন ১. সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, ২. নূর উদ্দিন, ৩. শাহাদাত হোসেন শামীম, ৪. সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ আলম, ৫. সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, ৬. জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, ৭. হাফেজ আব্দুল কাদের, ৮. আবছার উদ্দিন, ৯. কামরুন নাহার মনি, ১০. উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, ১১. আব্দুর রহিম শরীফ, ১২. ইফতেখার উদ্দিন রানা, ১৩. ইমরান হোসেন ওরফে মামুন, ১৪. মোহাম্মদ শামীম, ১৫. মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও ১৬. মহিউদ্দিন শাকিল।

এছাড়া অব্যাহতির জন্য সুপারিশ করা পাঁচজন হলেন নূর হোসেন, আলা উদ্দিন, কেফায়েত উল্যাহ জনি, সাইদুল ও আরিফুল ইসলাম।

এছাড়া এ ঘটনায় তিন পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে।

যৌন হয়রানির মামলার পর নুসরাতের জবানবন্দি গ্রহণের সময় তার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে।

এই ঘটনায় ডিজিটাল আইনে সাইবার ট্রাইব্যুনালে করা এক মামলায় গত ২৭ মে মোয়াজ্জেমকে গেপ্তারে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সাময়িক বরখাস্ত হওয়ার পরে সোনাগাজী থেকে প্রত্যাহার করে রংপুরে পাঠানোর পর সাবেক এই ওসি পালিয়ে গেছেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।

পুরনো খবর:

নুসরাত হত্যায় আসামি হচ্ছে ১৬ জন, অধ্যক্ষ ‘হুকুমদাতা’