আশুলিয়ায় ট্রাক-অটো সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত, আটক ২
ঢাকার আশুলিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ লিচুবোঝাই ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করেছে।
আশুলিয়া থানার এসআই মলয় সাহা জানান, নিহত নাদিম হোসেনসহ (২০) আহতরা সবাই আশুলিয়া শিল্প পুলিশের সদস্য।
ঈদের দিন বুধবার সকালে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হতাহতের এ ঘট্না ঘটে।
আহতরা হলেন শিল্প পুলিশের নায়েক জাকারিয়া, কনস্টেবল কাউছার, আনিছুজ্জামান ও অজ্ঞাতপরিচয় অটোরিকশা চালক। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মলয় বলেন, ডিইপিজেডের নতুন জোনে রাতের ডিউটি শেষে শিল্প পুলিশের চার সদস্য অটোরিকশায় করে তাদের শ্রীপুর এলাকায় ব্যারাকে ফিরছিলেন।
“পথে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লিচুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে সবাই আহত হন। স্থানীয়রা তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাদিম হোসেনকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ লিচুবোঝাই ট্রকসহ চালক ও তার সহকারীকে আটক করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
