নাটোরে গাছে মাইক্রোর ধাক্কা, নিহত ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও পাঁচজন।
উপজেলার মহিষভাঙ্গা এলাকার বনপাড়া-হাটিকুমরুল সড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট সারোয়ার হোসেন জানান।
নিহত মারিয়া তাসনিম ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের মেয়ে। আব্দুল জলিলের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়।
এ সময় আহত হন মাইক্রোবাসের আরও পাঁচ আরোহী। আহতদের বনপাড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সার্জেন্ট সারোয়ার বলেন, একটি হাইয়েস মাইক্রোবাস ঢাকা থেকে নাটোরের সিংড়ায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারিয়া মারা যান।
