২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের দুঃস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ- ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ২৩ হাজার দুঃস্থ মানুষের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 02:02 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

রোবরার দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা ধর্ম-বর্ণ নির্বিশেষে দুঃস্থদের উপহার বিতরণ করেন।

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, টুঙ্গিপাড়ার দুঃস্থদের জন্য ৬ হাজার শাড়ি ও ২ হাজার এবং কোটালীপাড়ায় ৯ হাজার শাড়ি ও ৬ হাজার লুঙ্গি উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ধর্মের দুঃস্থ মানুষই প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন। পাশাপাশি আমরা তাদের ঈদে সরকারি সহায়তার ভিজিএফের চাল দিয়েছি।”

কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার কাপড়ের পাশাপাশি দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, চাল, তেলসহ ঈদসামগ্রীও বিতরণ করা হয়েছে।

কোটালীপাড়ার বান্ধাবাড়ি গ্রামের জয়তন বিবি জানান, তিনি প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি পেয়েছেন। এগুলো পরেই ঈদ করবেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের করিমন বেগম বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পাশাপাশি তিনি ভিজিএফফের চাল পেয়েছেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সেমাই ও চিনিসহ ঈদসামগ্রী দিয়েছে।