ধান কাটতে নেমে গেলেন এমপি
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক কৃষকের ধান কেটে দিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন।
শনিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের এক কৃষকের ক্ষেতের ধান কেটে দেন তিনি।
ধানের কম দাম ও মজুরের বেশি পারিশ্রমিক নিয়ে কৃষক দিশেহারা অবস্থায় পড়ায় দেশব্যাপী চলছে আলোচনা। কৃষক বাঁচাতে ধানের দাম বৃদ্ধির দাবি তুলছেন সংশ্লিষ্টরা।
এরমধ্যে কৃষককে সহায়তার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতারাসহ সরকারি কর্মকর্তারাও বিভিন্ন জায়গায় ধান কাটতে নেমে যাচ্ছেন। এ সব খবর প্রকাশের পর ফেইসবুকে এর সমালোচনা করছেন অনেকে।
সমালোচকদের অভিযোগ, কৃষকের ধানের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিতে পদক্ষেপ না নিয়ে সহায়তার নামে ‘ফটোসেশনের’ জন্য কেউ কেউ নেমে পড়ছেন তার ধানের ক্ষেতে।
এমপি মনজুর হোসেনের ধান কাটার সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাশারসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
দেব প্রসাদ রায় জানান, কামালদিয়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের অসহায় কৃষক ফাইজুল শেখের জমিতে ধান কেটে দেন সাংসদ ও আওয়ামী লীগের নেতারা।
“অসহায় কৃষকদের পাশে সাংসদসহ আমরা সব সময় থাকব,” বলেন এই আওয়ামী লীগ নেতা।
এর আগে দুপুরে মধুখালী খাদ্য গুদামের সামনে সরকারিভাবে ধান কেনার উদ্বোধন করেন সাংসদ মনজুর হোসেন। পরে উপজেলা মিলনায়তনে প্রতিবন্ধী, অসুস্থ্, বিধবাসহ বিভিন্ন ভাতা ভোগীদের হাতে ভাতা তুলে দেন তিনি।
