বগুড়ায় ‘ছেলের’ ছুরিকাঘাতে বাবা নিহত
বগুড়ার নন্দীগ্রামে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার পূর্বপাড়া মহল্লায় ওই হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ার হোসেন (৫০) একই এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
নন্দীগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, আনোয়ার হোসেনের দুই ছেলে। তাদের মধ্যে রনি বড়। কিছুদিন আগে তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে কিস্তিভিত্তিক ঋণ নিয়ে ছেলেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেন। শর্ত অনুযায়ী প্রতি মাসে ঋণের কিস্তি পরিশোধ করার কথা। কিন্তু তার ছেলে রনি কিস্তি পরিশোধ করছিল না।
“এ নিয়ে বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ছেলে রনির কাছে কিস্তি পরিশোধ না করার কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক সময় সে তার বাবার সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয়। পরে ধারালো চাকু দিয়ে আনোয়ার হোসেনের পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, “পিতা-পুত্রের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে ছেলে রনিও আহত হয়েছে।”
রনি এখন পলাতক; তাকে খোঁজা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
