ঈদ যাত্রা: যানজট দূরীকরণে নানা উদ্যোগ গাজীপুরে
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মহানগর পুলিশ ও জেলা পুলিশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথকে সচল রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়কে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলমান থাকায় চার লেনের এ মহাসড়কটি বিভিন্ন স্থানে এক লেন বা দুই লেন হয়ে গেছে।
এছাড়া ঢাকা থেকে টঙ্গী ব্রিজ পার হলে টঙ্গীর আনারকলি রোডের সামনে মহাসড়কের উভয় পাশে রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে গেছে। পিচঢালা পথে ইট বিছিয়ে সড়ক সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের স্টেশন রোড, গাজীপুরা, সাইনবোর্ড ও চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় রাস্তা সরু হয়ে গেছে। চান্দনা চৌরাস্তাসহ মহাসড়কের উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ করায় রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে মাঝে-মধ্যেই এ এলাকায় যানজট সৃষ্টি হয়। মহনগরীর চান্দনা চৌরাস্তার তিন দিকে ফ্লাইওভার ও ড্রেন নির্মাণের কারণে ব্যস্ততম এ এলাকাটিতে নিত্য যানজট লেগেই থাকে। আর বৃষ্টি হলেই ওই এলাকার সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যহত হয় এবং দীর্ঘ সৃষ্টি হয়।
তবে ঈদের এক সাপ্তাহ আগে থেকে বিআরটি প্রকল্পের কাজ বন্ধ থাকার কথা জানিয়েছে প্রকল্প পরিচালক মো. সানাউল হক।
তবে রাস্তা সচল রাখতে রাস্তায় তাদের লোকবল নিয়োজিত থাকবে বলে তিনি জানান।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার অংশে সম্ভাব্য দুর্ভোগের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ২৪ মে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ, পরিবহন মালিক-শ্রমিক সমিতি, বিআরটি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৈঠকে বিআরটি প্রকল্পে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিআরটি প্রকল্পের যে কাজ ২০১৭ সালে শুরু হয়েছে দুই বছরেও বিআরটি কর্তৃপক্ষ এক কিলোমিটার সড়ক দৃশ্যমান করতে পারেনি।
তবে আসন্ন ঈদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ ১২ কিলোমিটার এলাকাকে যানজটমুক্ত রাখতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, বলেন মেয়র জাহাঙ্গীর আলম।
বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক সানাউল হক বলেন, এক বছরে বিআরটির কাজ ২০ ভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের দুটি প্যাকেজের কাজ বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান করছে। তারা এ দেশের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে কাজ করে অভ্যস্ত নয়। ঈদে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠান সচেতন আছে। রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে এলাকার ও বিভিন্ন কলকারখানার পানি সড়ক দিয়ে গড়িয়ে যাচ্ছে। আর পানির কারণে রাস্তা নষ্ট হচ্ছে।
“মহাসড়কের সাইনবোর্ড ও বোর্ড বাজার অংশে ৪ কিলোমিটার সড়কের পাশে কোনো ড্রেন নেই। বৃষ্টি হলে পানি রাস্তা গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। ঈদকে সামনে রেখে এ অংশে অস্থায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে।”
রাস্তায় পানি না থাকলে যানচলাচলে কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।
“আশা করছি রাস্তার কোনো সমস্যা না হলে গাজীপুরের উপর দিয়ে সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”
ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে ২৭টি রোডের যানবাহন গাজীপুর চৌরাস্তার উপর দিয়ে যাতায়ত করে থাকে। এর মধ্যে যানজটপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কোনাবাড়ি ও চন্দ্রা এলাকায় এবারের ঈদে কোন যানজট থাকছে না।
এ দুটি স্থানে দুটি ফ্লাইওভার এবং দুটি ব্রিজ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর উদ্বোধন করেন।
কোনাবাড়ির যানজটের দুই ঘণ্টার পথ এখন পার হওয়া যাচ্ছে মাত্র তিন মিনিটে। চন্দ্রা এলাকায় দূরপাল্লার যানবাহনগুলো ফ্লাইওভার দিয়ে দ্রুত পার হয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। তাই এবারের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারীদের জন্য দুটি ফ্লাইওভার যানজটের কবল থেকে রক্ষা করেছে।
এ ব্যাপারে গাজীপুরে জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ঈদের আগে মহাসড়ককে নির্বিঘ্নে গাড়ির চলাচলের ব্যবস্থা করা হবে। ঈদের কয়েকদিন আগেই মহাসড়কে অবৈধ দোকান-পাট, হাট বাজার উচ্ছদ করা হবে।
“মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও আনফিট গাড়ি মুক্ত করা হবে। সাতদিন আগে থেকে ওই মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কাজ বন্ধ কারা হবে এবং রাস্তায় যানজট সৃষ্টিকারী ওই প্রকল্পের মালপত্র সরিয়ে নেওয়া হবে।”
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পরিবহন মালিক সমিতি নিয়ে পৃথক দুইটি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
ঈদে ভাড়া নিয়ে নৈরাজ্য করতে দেওয়া হবে না। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।
মহানগর পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (নর্থ) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গাজীপুরের মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বাইরে থেকে ২০০ এপিবিএন সদস্য আনা হয়েছে। বৃহস্পতিবার থেকে মহাসড়কে তারা কাজে নামবেন।
মহানগর পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (সাউথ) থোয়াই অং প্রু মারমা বলেন, যানজটপ্রবণ টঙ্গী থেকে চান্দনা-চৌরাস্তা এলাকা পর্যন্ত মহাসড়ককে যানজট মুক্ত রাখতে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।
“আশা করছি ঘরমুখো মানুষ এ এলাকা নির্বিঘ্নে অতিক্রম করতে পারবে।”
