সাতক্ষীরায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
সাতক্ষীরার তালা উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, শুক্রবার রাত ১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত নজির উদ্দীন মোড়ল (৫৬) উপজেলার হাজরাপাড়া গ্রামের সুরমানতুল্লাহর ছেলে।
শনিবার সকালে পুলিশ তার স্ত্রী ফিরোজা বেগমকে (৩৬) আটক করে।
ওসি রেজাউল ফিরোজাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, “শুক্রবার রাত ১টার দিকে নজিরকে ঘুমন্ত অবস্থায় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।”
শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।
