টেকনাফে ইয়াবার আসামি নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩২) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া নুরুল আমিন ওরফে ভল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, ইব্রাহিম স্বরাষ্ট মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থানায় তার বিরুদ্ধে চারটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
শুক্রবার রাতে ইব্রাহিমকে গ্রেপ্তারের পর অভিযানের সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ফিশিং বোট ঘাট সংলগ্ন ঝাউবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তাকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হলে কয়েকদিন আগে ফিশিং ট্রলারযোগে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান এনে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঝাউবনের পাশে বালুর চরে লুকিয়ে রাখে স্বীকার করে। চালানটির বড় একটা অংশ ইতিমধ্যে পাচার করা হয়েছে বলেও ইব্রাহিম স্বীকারোক্তিতে জানায়।
“রাত সাড়ে ১২টায় ইব্রাহিমকে নিয়ে ইয়াবার চালান উদ্ধারে গেলে ঘটনাস্থলে পৌঁছামাত্র তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
এতে পুলিশের ৩ সদস্যও আহত হন বলে জানান ওসি।
তিনি বলেন, “আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে কক্সাবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা, দেশে তৈরি ৩টি বন্দুক ও ১১টি গুলি পাওয়া গেছে বলে ওসি জানান।
পুলিশের এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ লিটু টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
