২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা বিএনপির নতুন কমিটি, পদ না পাওয়াদের প্রত্যাখ্যান

বগুড়া জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর পদ না পাওয়া নেতারা তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখিয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 10:39 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

এছাড়া দলীয় কার্যালয় দখল-পাল্টা-দখলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ দেখান। পরে কমিটি নেতারা তালা ভেঙে কার্যালয়টি পুনরায় দখল করেন।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কমিটি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার রাতে অনুমোদন করেন।

“কমিটির আকার আরও বাড়বে। খুব দ্রুততম সময়ের মধ্যে জেলার ১২ উপজেলা ও ১২ পৌরসভার সম্মেলন শেষ করে জেলা কমিটি গঠনের জন্য ঈদের পরপরই মাঠে নামব আমরা।”

নবগঠিত কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আইনজীবী এ কে এম সাইফুল ইসলাম বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যারা মানবে না তারা দল করে কিনা এটা আমার বিশ্বাস হয় না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন্দ্র কমিটি করে দিয়েছে। এর বাইরে বিদ্রোহ করা মানে তারেক রহমানের বিরুদ্ধে বিদ্রোহ করা। এরা কখনোই বিএনপির হতে পারে না।

“শুক্রবার নবগঠিত কমিটির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে এগিয়ে নেওয়ার জন্য সভা করব।” 

অন্যদিকে এই কমিটি প্রত্যাখ্যান করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমুসহ নেতাকর্মীরা।

বর্তমানে কোনো কমিটিতে হিমুর কোনো পদ নেই।

হিমু বলেন, “আমি এ কমিটি প্রত্যাখ্যান করছি। কারণ দলের অধিকাংশ নেতা-কর্মী এই কমিটি প্রত্যাখ্যান করেছেন।”