২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী ‘খুন’

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক জুয়েলারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 06:04 PM

Updated : 10 Oct 2022, 09:08 PM

নবাবগঞ্জ থানার এসআই মুন্সী আশিকুর রহমান জানান, উপজেলার পুরাতন বান্দুরা বাজারের স্বর্ণকার পট্টি সংলগ্ন ইছামতী নদীর পাড় থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনন্দ বণিক (৪০) ওই এলাকার মৃত শম্ভুনাথ বণিকের ছেলে। স্থানীয় বাজার মসজিদের পাশে ‘প্রার্থনা মথুরা’ নামে একটি গয়নার দোকান রয়েছে তার।

পরিবারের বরাত দিয়ে এসআই আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মত বুধবার দুপুরেও আনন্দ বাড়ি থেকে খেয়ে দোকানে যান। রাতে সময়মত না ফেরায় পরিবারের লোকজন তাকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

সকালে স্থানীয়রা নদীর তীরে আনন্দের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আশিক বেরেন, “নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিহতের বড় ভাই গোবিন্দ বণিক বলেন, বুধবার রাত ৯টার দিকে আনন্দ দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হয়েছিলেন বলে তারা জানতে পেরেছেন।

“দোকান থেকে বাসায় যাওয়ার সময় আনন্দ একটা ব্যাগ নিয়ে যেত। ব্যাগে স্বর্ণালংকার, টাকা থাকত। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সবকিছু লুট করে নিয়ে গেছে।”