মরা গরুর মাংস বিক্রি করে কারাগারে ব্যবসায়ী
লালমনিরহাটে মরা গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের মুস্তফী বাসস্টান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানীর ভ্রাম্যামাণ আদালত ইদ্দি আলীকে (৪০) এ সাজা দেয়।
ইদ্দি (৪০) ওই ইউনিয়নের হুজুরের বটেরতল এলাকার খোকা মিয়ার ছেলে।
মোটর শ্রমিক ইউনিয়নের মুস্তফী বাসস্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক আখেরুল ইসলাম আখের জানান, একটি ভ্যানে করে মরা গরুর মাংস বিক্রির জন্য বাসস্ট্যান্ডে নিয়ে আসা হচ্ছে বলে স্থানীয়দের কাছে খবর পান। পরে তিনি তার লোকজন নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ভ্যানের জন্য অপেক্ষা করতে থাকেন।
কিছুক্ষণ পর একটি ভ্যানে করে গরুর মাংস নিয়ে আসতে দেখে ভ্যানটি থামিয়ে মাংসসহ ব্যবসায়ী ইদ্দিকে আটক করে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে সাজা দেওয়া হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়শ্রী রানী বলেন, ভোক্তা অধিকার আইনে মানুষের শরীরের জন্য ক্ষতিকর বা মৃত্যু হতে পারে এমন খাবার বিক্রি করা অপরাধ। তাই ওই মাংস ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। পরে মরা গরুর মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এছাড়া একই জায়গায় মোস্তাফিজার রহমান নামে এক পোলট্রি ফিড ব্যবসায়ীকে লাইসেন্স না থাকার অপরাধে দুই টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে এ নির্বাহী কর্মকর্তা জানান।
