মৌলভীবাজারে আগুনে পুড়ল ৪ দোকান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগুন লেগে চারটি দোকানের মালপত্র পুড়ে গেছে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মকর্তা আজিজুল হক রাজন জানান, শুক্রবার রাতে উপজেলা শহরের ১ নম্বর পুল এলাকায় আলাবক্স মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
আজিজুল বলেন, তবে তার আগেই ইকবাল এন্টারপ্রাইজ ও দেব ট্রেডার্সের সব মালপত্র পুড়ে যায়। এছাড়া তার পাশের আরও দুটি দোকানের আংশিক পুড়ে যায়। আর আগুন নেভানোর পানিতে ভিজে নষ্ট হয় কিছু মালপত্র। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করায় আশপাশের দোকানপাট রক্ষা পেয়েছে।
আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ সময় মৌলভীবাজার-ঢাকা সড়কের ওপর দিয়ে পাইপ দিয়ে পুকুর থেকে পানি আনার কারণে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
